সর্বশেষ

কুমিল্লায় মটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আইসিইউতে

  নিজস্ব প্রতিবদেক: 28 March 2026 , 7:10:00 98 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার বরুড়ায় চলন্ত মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন হাবিবুর রহমান নাজমুল (৩৫) নামে এক ব্যক্তি। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা (২৮) গুরুতর আহত হয়ে বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ও তার স্ত্রী ফারিহা কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলে করে বরুড়ার ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে ফারিহার বোরকা মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজনেই শক্ত সড়কে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ফারিহাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঈদের আমেজ আর উৎসবের মৌসুমে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর দক্ষিণ ও বরুড়া—উভয় উপজেলাতেই এই ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বরুড়া থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অসাবধানতাবশত মোটরসাইকেলের চাকায় পোশাক পেঁচিয়ে যাওয়ায় এই প্রাণহানি ঘটেছে। মোটরসাইকেল চালানোর সময় আরোহীদের সতর্ক থাকার এবং ঢিলেঢালা পোশাকের বিষয়ে বাড়তি নজর দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

আরও খবর

Sponsered content