ডেস্ক রিপোর্ট : 26 March 2026 , 1:51:56 112 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের ‘নবীন’ ফ্যাশনে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সাথে ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২০ মার্চ (শুক্রবার) মগবাজারের বিশাল সেন্টারের ‘নবীন’ ফ্যাশন নামের একটি শোরুমে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও শোরুম কর্তৃপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় ডিএমপি সদর দপ্তর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। এছাড়া একই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)–কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাটিতে কোনো পুলিশ সদস্যের অপেশাদার আচরণ বা প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএমপি জানিয়েছে “গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে বিশাল সেন্টার ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।














