নিজস্ব প্রতিবেদক : 23 March 2026 , 5:27:46 105 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড় এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মেহেদী হাসানের সমর্থকদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই হাবিবুর রহমান হাবিব এবং মেহেদী হাসানের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে এক পক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ আনে। সংবাদ সম্মেলন শেষে মিছিল বের করলে শহরের প্রাণকেন্দ্রে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে এবং সংঘর্ষ শুরু হয়।
ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি হামলায় দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। রাস্তায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত কর্মীরা।
দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগানের গুলি ছোড়ে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, “উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৯ রাউন্ড শর্টগানের গুলি ছুড়তে বাধ্য হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।










