নিজস্ব প্রতিবেদক : 22 February 2026 , 4:21:46 134 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল প্রায় ৪টা ২০ মিনিটে জেনেভা ক্যাম্প এলাকার পলু কসাইয়ের গলির পশ্চিম পাশে জুবায়েরের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মোঃ আরিফ চাপা আরিফ (৩২) একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি সাদা শপিং ব্যাগের ভেতর দুটি বড় প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে থাকা ১০০টি ছোট প্যাকেট থেকে মোট ১০ হাজার পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
অভিযানটি পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশ–এর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ জসীম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামী আরিফ চাপা আরিফ জেনেভা ক্যাম্প এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।















