সর্বশেষ

এবার ৮ বছরের শিশু ধর্ষণ: মাগুরায় থানা ঘেরাও করল ক্ষুব্ধ জনতা

  অনলাইন ডেস্ক: 7 March 2025 , 5:52:37 173 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সদর থানা ঘেরাও করেছে একদল বিক্ষুদ্ধ জনতা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ করে সদর থানার প্রধান ফটক ভাঙতে যায় তারা। এ সময় সেনাবাহিনী চলে এলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা যায়, আজ নামাজের পর শহরের ভায়না মোড় ও চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ করতে থাকে স্থানীয় কিছু কিশোর বয়সী মুসল্লিরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানা মেইন গেইটে অবস্থান নেয়। সে সময় থানার গেইট ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশকে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে তারা। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা সদর থানার প্রধান ফটক ভাঙতে যায়। এ সময় সেখানে সেনাবাহিনী চলে এলে বিক্ষুদ্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। মাগুরা সদর থানার সামনে তখন পুলিশ, আনসার সদস্যরা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে।

এ বিষয়ে মাগুরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর বলেই অভিযুক্তদের আটক করেছে। শিশুটির চিকিৎসা চলছে। হয়তো সেজন্য আইনগত বিষয়ে তার পরিবার বিলম্ব করছে। দেশের প্রচলিত আইন অনুসারে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা দেখছি একদল বিক্ষুদ্ধ জনতা ধর্ষকদের বিচারের দাবি করছে এখনই। এটা কি করে সম্ভব এখনই? আইনগত প্রক্রিয়া না হলে দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। তাই আমরা বিক্ষুদ্ধ জনতাকে বলেছি, পুলিশ তৎপর আছে, আপনারা বাড়ি যান। কিন্তু তা না করে সদর থানা ঘেরাও করতে এসেছে তারা। এ জন্য সেনাবাহিনীর সহযোগিতায় আপাতত পরিস্থিতি শান্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content