সর্বশেষ

মহাখালীতে নারী অপহরণ ৫ বছর পর সিআইডির হাতে  গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক : 16 April 2026 , 11:46:09 93 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালী থেকে এক নারীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনার দীর্ঘ ৫ বছর পর মূল চক্রের অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত আসামির নাম মো. শাহাদাত হোসেন (৩৮)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মিরপুরের কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিটের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত শাহাদাত বরিশালের বিমানবন্দর থানাধীন দেহেরগাতি এলাকার চন্দ্রপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে।
সিআইডির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ৬ ডিসেম্বর মহাখালীর ইউসুফ লাইন পার্কের সামনে থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে মারধর করা হয় এবং তার কাছে থাকা ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে সিলেটে নেওয়ার চেষ্টার একপর্যায়ে ফার্মগেট এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় ওই বছরের ১০ ডিসেম্বর কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলেও বাকি অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে পারেনি। পরবর্তীতে ২০২৩ সালে বিজ্ঞ আদালতের নির্দেশে অজ্ঞাত আসামিদের শনাক্ত ও মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও নিবিড় তদন্তের মাধ্যমে সিআইডি নিশ্চিত হয় যে, অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটির চালক হিসেবে দায়িত্ব পালন করেছিল শাহাদাত হোসেন। ঘটনার দিন পূর্বের অভিযোগপত্রভুক্ত আসামির সাথে সে নিয়মিত যোগাযোগ রাখছিল। ঘটনার পর থেকেই শাহাদাত সুকৌশলে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ ৫ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিট মামলাটির তদন্ত করছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content