ডেস্ক রিপোর্ট: 3 April 2026 , 5:19:53 193 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
যশোরের কেশবপুর উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। উপজেলার হিজলডাঙ্গা গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেয়। এই হামলায় কেশবপুর থানার একজন উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবল আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর থানার এসআই আসমত আলীর নেতৃত্বে একটি টিম হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে (৩৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর ওই গ্রামের আমিনুদ্দিনের ছেলে।
আসামিকে নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দেয়। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই সময় মসজিদের মাইকিং করে প্রচার করা হয় যে, পুলিশ জাহাঙ্গীরকে পিটিয়ে মেরে ফেলেছে। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন: এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) এবং কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)
আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলামের হাতের আঙুল ভেঙে গেছে এবং বুকে গুরুতর আঘাত পাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আসামি ছিনতাইয়ের পর রাত থেকেই পুলিশি অভিযান জোরদার করা হয়। অবশেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে পলাতক জাহাঙ্গীর হোসেনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।












