নীলফামারী জেলা প্রতিনিধি: 25 August 2026 , 11:25:21 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মেয়েটির পড়াশোনা অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের একটি গ্রামে অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবির ও উপজেলা প্রোগ্রামার মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনেপক্ষের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সামনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো তুলে ধরে প্রশাসন। পরবর্তীতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী বিয়ে বন্ধের নির্দেশ দিলে কনের বাবা নিজের ভুল স্বীকার করেন এবং মেয়েকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। এই অভিযানে জরিমানা না করে সচেতনতা বৃদ্ধির ওপরই জোর দেওয়া হয়।
এদিকে, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েটির পড়াশোনা যেন থেমে না যায়, সে লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান ওই ছাত্রীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন।
প্রশাসনের এই মানবিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। একই সঙ্গে তারা ভবিষ্যতে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


















