অনলাইন সংস্করণ: 1 June 2026 , 2:17:27 58 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ফের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও প্রতি লিটারে ৫ টাকা করে বেড়েছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো।
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় নতুন এ দাম কার্যকর করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল মে মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। তখন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম একদফা বাড়িয়েছিল সরকার। ফলে সাম্প্রতিক সময়ে টানা কয়েকবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটল।
















