রাজশাহী

গয়না খুলে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

  ডেস্ক রিপোর্ট : 7 May 2026 , 7:21:24 75 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজশাহীতে কীটনাশক পান করে হাসিনা খাতুন (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। এরপর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

স্বজনদের অভিযোগ, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে তার সঙ্গে স্বামী মো. রাতুল, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুই বন্ধু ছিলেন। হাসিনার মৃত্যুর পর তার শরীর থেকে গয়নাগাটি খুলে নেওয়া হয়। পরে স্বামীসহ সবাই হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসিনার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামে। তিনি ওই গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় সাত মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মো. রাতুলের সঙ্গে তার বিয়ে হয়।

হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম দাবি করেন, রাতুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেও মাদকাসক্ত। বিয়ের পর থেকেই তিনি হাসিনাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। ওই টাকা দিয়ে ফেনসিডিলের ব্যবসা করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করেন তিনি।

স্বজনদের ভাষ্য, টাকা এনে দিতে না পারায় হাসিনাকে প্রায়ই নির্যাতন করা হতো। নির্যাতন সইতে না পেরে গত সোমবার দিবাগত রাতে তিনি কীটনাশক পান করেন। পরে তাকে প্রথমে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় অভিযোগ দিয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, হাসিনার মৃত্যুর পর থেকেই তার স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content