সর্বশেষ

উল্টোপথে তেল নিতে গিয়ে ফেঁসে গেলেন পুলিশ সদস্য, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  ডেস্ক রিপোর্ট: 17 April 2026 , 3:02:02 116 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি নিয়ম অমান্য করে এবং উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে জরিমানার মুখে পড়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আলমডাঙ্গার ‘হক ফিলিং স্টেশনে’ জেলা প্রশাসনের এক অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহর নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালীন আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম সাধারণ মানুষের সিরিয়াল ও ট্রাফিক নিয়ম ভঙ্গ করে উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যান। আইনের ব্যত্যয় ঘটায় তাৎক্ষণিকভাবে ওই পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে আইন অমান্য করার দায়ে আরও দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসাররা প্রশাসনের কিছু লোকজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, জ্বালানি তেল নিতে গিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের লোকজন নিয়ম মানছেন না এবং জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করছেন। এমনকি সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পক্ষ থেকেও যথাযথ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে তারা দাবি করেন।

ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ জানান, আইন সবার জন্য সমান। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সড়ক ও জ্বালানি শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আরও খবর

Sponsered content