সর্বশেষ

কুমিল্লায় ২ ব্যবসায়ীকে জরিমানা  ৪০০ লিটার তেল জব্দ

  নিজস্ব প্রতিবেদক: 7 April 2026 , 8:49:15 203 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি এবং অবৈধ মজুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পরিচালিত এক অভিযানে ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করে নিলামে বিক্রিসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার, সুয়াগাজি এবং কালিরবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযান চলাকালে জ্বালানি তেলের বাজারে অসাধু কার্যক্রমের দায়ে চৌয়ারা বাজার এলাকার ‘মেসার্স আবদূর রহমান ট্রেডার্স’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই দিনে উপজেলা প্রশাসন সুয়াগাজি রাস্তার মাথায় অপর একটি অভিযান পরিচালনা করে। সেখানে ‘মেসার্স জিনিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোঃ হাবিবুর রহমানের একটি ভাড়া বাসার নিচে সিমেন্টের দোকানের গোডাউনে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদকৃত এই জ্বালানি তাৎক্ষণিকভাবে জব্দ করে জনসম্মুখে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
পাশাপাশি, কালিরবাজার রাস্তার মাথায় অবস্থিত এই মেসার্স জিনিয়া ট্রেডার্সকে অবৈধ মজুদ এবং গ্রাহক পর্যায়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির সুস্পষ্ট অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তৎক্ষণাৎ আদায় করা হয়।
ভোক্তাদের অধিকার রক্ষায় এবং বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content