নিজস্ব প্রতিবেদক: 7 April 2026 , 2:49:25 103 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেড এলাকায় এই আন্দোলনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে মহাসড়ক অবরোধে রূপ নেয়। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত ২০ মাস ধরে তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাসা গ্রুপ কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।
শ্রমিকদের প্রধান অভিযোগ করে তারা বলেন, দীর্ঘ ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে না। পাওনা না পাওয়ায় অনেক শ্রমিকের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। কর্তৃপক্ষের বারবার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ।
আন্দোলনরত এক শ্রমিক জানান, “আমরা পেটের তাগিদে রাস্তায় নেমেছি। ২০ মাস ধরে আমাদের ঘোরানো হচ্ছে। সরকার হস্তক্ষেপ না করলে আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।”
মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি যাতে তারা রাস্তা ছেড়ে দেন এবং যান চলাচল পুনরায় শুরু হয়।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশের মধ্যস্থতায় শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনার প্রক্রিয়া চলছে। তবে মহাসড়ক অবরোধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে, যার ফলে সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।














