ডেস্ক রিপোর্ট: 1 April 2026 , 4:56:38 113 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনা চলাকালে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই পরিচয় তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক সরকার গঠিত হয়েছে এবং ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের বলতে হচ্ছে, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
স্পিকারের উদ্দেশে দেওয়া বক্তব্যে জামায়াত আমির তার পারিবারিক আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান।”
তিনি আরও যোগ করেন, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, তাদের সেই মহান ত্যাগের মিছিলে তার পরিবারের কয়েকজনের রক্ত মিশে রয়েছে। তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে বলে তিনি সংসদে উল্লেখ করেন।
উল্লেখ্য যে, এটিই প্রথম নয়; এর আগেও বিভিন্ন জনসভায় এবং বক্তব্যে ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা হিসেবে তার এই দাবি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।









