নিজস্ব প্রতিবেদক : 4 March 2026 , 6:41:26 89 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং জনভোগান্তি নিরসনে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৪:২০ থেকে ৫:৩০ পর্যন্ত চলে এই অভিযান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর স্থাপিত অবৈধ অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদ এবং রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাই ছিল এই অভিযানের প্রধান উদ্দেশ্য।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সিরাজুল মোস্তফা, সুয়াগঞ্জ বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান চলাকালে বাজার মনিটরিং ও সড়ক দখল করে দোকান বসানোর দায়ে মোট ৮টি দোকানের মালিককে সতর্কতামূলকভাবে মোট ২৭,৫০০/- (সাতাশ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজন চন্দ্র রায় জানান, জনস্বার্থে এবং রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। মহাসড়কে যানজট নিরসন ও সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।














