ডেস্ক রিপোর্ট: 7 May 2026 , 2:37:21 84 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যগ্রাম এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় চন্দ্রনাথ রথের গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বুধবার রাতে চন্দ্রনাথ রথ গাড়িতে করে যাচ্ছিলেন। মধ্যগ্রাম এলাকার একটি বিরিয়ানির দোকানের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে। গাড়ির কাঁচ ওঠানো থাকা অবস্থাতেই লক্ষ্য করে গুলি চালানো হয়। চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তার পেট ও হাতে গুলি লেগেছে। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রনাথ রথ একসময় ভারতীয় বিমানবাহিনীর (IAF) সদস্য ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে তার অত্যন্ত ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সমাপ্ত হওয়া নির্বাচনেও শুভেন্দুর পক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। বিজেপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করা হচ্ছে।















