রংপুর

পঞ্চগড়ে জরিমানাকে কেন্দ্র করে ইউএনও’র ওপর হামলা, দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

  দেবীগঞ্জ (পঞ্চগড়): 25 April 2026 , 7:28:04 130 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে চলা জরিমানার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক এবং তাঁর দেহরক্ষীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা দেহরক্ষীর সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পে পেট্রোল সরবরাহের খবরে শনিবার ভোর থেকেই মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন তৈরি হয়। সকাল ৯টা থেকে প্রশাসনের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বেলা সাড়ে ১২টার দিকে ইউএনও সবুজ কুমার বসাক পাম্প পরিদর্শনে যান। তিনি লাইনে থাকা চালকদের ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে বলেন। কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার পরই লাইনে থাকা ৩০-৪০ জন চালক উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা ইউএনও’র ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে নিরাপত্তার খাতিরে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় ইউএনও’র সঙ্গে থাকা আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত সরকারি অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি সেলিম মালিক জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ থাকবে।

হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content