অনলাইন সংস্করণ: 30 April 2026 , 11:35:03 111 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের টানাপোড়েন আর অশান্তি থেকে মুক্তি পেয়ে এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার পরিমল চন্দ্র দাস। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ৫ লিটার গরুর দুধ দিয়ে গোসল করে নিজেকে ‘পবিত্র’ করেছেন তিনি। এই অদ্ভুত উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র দাসের সঙ্গে ২০০৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তার স্ত্রীর। তবে বিয়ের কিছুকাল পর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। দীর্ঘ সময় ধরে দুই পরিবারের পক্ষ থেকে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। বিবাদ গড়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত।
গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সোমবার (২৭ এপ্রিল) বিচ্ছেদের কাগজপত্র হাতে পাওয়ার পর পরিমল দাস ৫ লিটার দুধ কিনে আনেন এবং জনসম্মুখেই গোসল করেন।
পরিমল চন্দ্র দাস তার প্রতিক্রিয়ায় বলেন:
“দীর্ঘদিন ধরে আমি পারিবারিক অশান্তিতে ভুগছিলাম। কোনোভাবেই যখন সমাধান হচ্ছিল না, তখন আইনি পথ বেছে নিতে বাধ্য হয়েছি। এখন আমি মুক্ত, তাই দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করলাম।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান *সুমন সিকদার জানান, তাদের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদেও লিখিত আকারে ছিল। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
এদিকে, এই ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে ব্যক্তিগত স্বস্তি হিসেবে দেখলেও, কেউ কেউ এমন আচরণকে সামাজিক প্রেক্ষাপটে ‘অপ্রচলিত’ ও ‘অতিরঞ্জিত’ বলে সমালোচনা করছেন।