রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি জমা দেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণের বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তদের তালিকায়, মামলার আবেদনে ড. ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা ও প্রিন্সিপালগণ।রাজউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ফিল্ড সুপারভাইজার। সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিববৃন্দ।
উল্লেখ্য যে, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় মোট ৩৬ জন প্রাণ হারান, যার মধ্যে ২৮ জনই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী।
গত ৫ নভেম্বর দুর্ঘটনার তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দেয়। সেখানে বলা হয়েছিল, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ও বিপুল প্রাণহানি ঘটে। তবে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ বা অবহেলার অভিযোগ এনে এবার সরাসরি অন্তর্বর্তী সরকারের সাবেক শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলো।
আদালতের পরবর্তী আদেশের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে এই মামলার ভবিষ্যৎ কার্যক্রম।
মাইলস্টোন ট্রাজেডি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও জনবহুল এলাকায় বিমান উড্ডয়ন নীতিমালার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল। এই মামলার আবেদনটি সেই ক্ষোভ ও বিচার পাওয়ার আকাঙ্ক্ষারই একটি প্রতিফলন।