কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নের পরচংগা গ্রামে শনিবার গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও ৩টি স্মার্টফোনসহ আনুমানিক ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসী ফয়সালের বাড়িতে ঘটা এ ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় চান্দিনা থানা পুলিশ এবং অভিযান চালিয়ে মোঃ আল আমিন নামের এক সন্দেহভাজনকে আটক করে।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।