কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাহে আলম নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ এপ্রিল সকালে কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি) নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। আটকের সময় স্থানীয় উপস্থিত লোকজনের সামনে বিধি মোতাবেক আসামির কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত মাহে আলম একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও কোতয়ালী মডেল থানায় ৬টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।