কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ বাড়ির আঙ্গিনায় দোলনার প্লাস্টিকের রশিতে ফাঁস দিয়ে আব্দুল আখের প্রকাশ ফাকের (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আখের প্রকাশ ফাকের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে আব্দুল আখের ফাকের তার বসতবাড়ির আঙ্গিনায় কুলগাছ ও বাঁশের সাথে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন। সকালে তার পুত্রবধূ মোছাঃ মাজেদা বেগম (২৪) ঘর থেকে বের হয়ে শ্বশুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে উলিপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে আত্মহত্যার কাজে ব্যবহৃত প্লাস্টিকের রশিটি জব্দ করেছে পুলিশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জানান, "খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।